শিক্ষায় বিনিয়োগের প্রতিদান শিক্ষার্থীদের কাছে থেকে প্রত্যাশা করে জাতি: শিক্ষা উপমন্ত্রী

সরকার উচ্চ শিক্ষায় গবেষণার জন্য, দক্ষতা বৃদ্ধির জন্য যে বিনিয়োগ করছে সেই বিনিয়োগের একটা প্রতিদান শিক্ষার্থীদের কাছ থেকে জাতি প্রত্যাশা করে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার অনেক বিনিয়োগ করছে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে নতুন নতুন অবকাঠামো হচ্ছে। শিক্ষিত ও দক্ষ শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নবীন শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
নওফেল বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমানে সিভাসু’তে যেভাবে গবেষণা করার সুযোগ হচ্ছে, পাঠদান করার সুযোগ হচ্ছে তা সরকারের উন্নয়নেরই ফল। কোভিডের সময় আমরা দেখেিেছ এ বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর মেশিন দিয়ে তিনটা জেলায় করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এটি বিশ্বি বিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির উদাহরণ।
শিক্ষা উপমন্ত্রী বলেন, আজকে যারা নতুন করে শিক্ষাবর্ষ শুরু করতে যাচ্ছ তোমরা সবসময় প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখবে। তোমরাই জাতির ভবিষ্যৎ। পড়াশোনা করে নিজেদের জীবনকে গড়ে তুলবে। কিন্তু প্রতিষ্ঠানের প্রতি তোমাদের একটা দায়বদ্ধতা অবশ্যই থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতি তোমাদের একটা ওনারশিপ থাকতে হবে। জীবনে প্রতিষ্ঠা পাওয়ার পর অ্যালামনাই হিসেবে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফান্ডে তোমরা অনুদান দিবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে ভূমিকা রাখবে।
পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব মুহম্মদ মউদুদউর রশীদ সফদার এর প্রধান পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সিভাসু’র উপাচার্য অধ্যাপক ড. এএসএম লুৎফুল আহসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল, বিশ্ব বিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক তাসনিম ইমাম, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. ওমর ফারুক মিয়াজী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ নূরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলমগীর হোসেন, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর মো. আশরাফ আলি বিশ্বাস, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর আশুতোষ দাশ, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান,পরিচালক, হল প্রভোস্ট, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলা টিভি/অজিত



