
বাংলা ফোক গানের অন্যতম জনপ্রিয় শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার ব্রেইন স্ট্রোক করেছে। বর্তমানে তিনি সাভারের এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
মঙ্গলবারও সাভারে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুফিয়া। পরে অজ্ঞান হলে সুফিয়ার মেয়ে পুষ্প দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। তখন প্রাথমিক পরীক্ষা করে চিকিৎসকরা জানান, ব্রেইন স্ট্রোক করেছেন সুফিয়া। তবে হার্টে ও কিডনীতেও মেজর সমস্যা রয়েছে বলে ধারণা করছেন তারা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর ফাইনাল রিপোর্ট দেয়া হবে বলে জানা গেছে। এরপরেই জানা যাবে সুফিয়ার কেমন চিকিৎসা প্রয়োজন।
তবে চিকিৎসার খরচ নিয়ে শঙ্কায় আছেন কাঙ্গালিনী সুফিয়ার পরিবার। তার নাতনি চুমকি জানান, নানীকে চিকিৎসা করতে অনেক খরচের দরকার। এখনো পর্যন্ত যোগানের কোন ব্যবস্থা হয়নি। প্রধানমন্ত্রী যে সঞ্চয়পত্র করে দিয়েছিলেন, সেখান থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা তোলা যায়। কিন্তু চিকিৎসায় অনেক বেশি খরচ হচ্ছে। আপাতত ঋণ করে এনাম মেডিকেলে সুফিয়াকে ভর্তি করানো হয়েছে বলেও জানান চুমকি।
৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার পুরস্কার প্রাপ্ত বাউল গানের জনপ্রিয় এই শিল্পী মাত্র ১৪ বছর বয়সে গ্রাম্য একটি অনুষ্ঠানে গান গেয়ে শিল্পী হিসেবে পরিচিতি পেয়ে যান । ‘কোনবা পথে নিতাইগঞ্জে যাই’, ‘পরাণের বান্ধব রে’, ‘বুড়ি হইলাম তোর কারণে’, ‘নারীর কাছে কেউ যায় না’ এবং ‘আমার ভাঁটি গাঙের নাইয়া’সহ অসংখ্য জনপ্রিয়তা গান উপহার দিয়েছেন কাঙ্গালিনী সুফিয়া।
বাংলাটিভি/এমআরকে



