Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবিনোদন

তারেক মাসুদের ৬২তম জন্মদিনে গুগলের শ্রদ্ধা

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৬২তম জন্মদিন আজ। এ উপলক্ষে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাকে শ্রদ্ধা জানিয়ে  তাদের হোমপেজে নতুন একটি ডুডল তৈরি করেছে।

তারেক মাসুদের ডুডল দ্বিতীয় বাঙালি ব্যক্তি ও প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বব্যাপী দেখানো হচ্ছে। এর মাধ্যমে সড়ক দুর্ঘটনায় নিহত গুনী এই নির্মাতাকে স্মরণ করে শ্রদ্ধা জানালো গুগল।

বৃহস্পতিবার গুগল ডুডলে একটি পাখির ছবি দেয়া হয়েছে। হাত দিয়ে ধরে থাকা ‘মাটির পাখির’ ছবি। তারেক মাসুদের অস্কারে স্থান পাওয়া ‘মাটির ময়না’ চলচ্চিত্রের স্মরণে এই ডুডলটি বানানো হয়েছে।

মাটির ময়না (দ্যা ক্লে বার্ড) ২০০২ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত একটি বাংলাদেশি ফিচার চলচ্চিত্র।

গুগল ডুডল হলো, গুগল ওয়েবসাইটের হোমপেজে দেখতে পাওয়া গুগলের সাময়িক লোগো। বিশেষ দিন, জনপ্রিয় কাজ কিংবা নানা দেশের বিখ্যাত ব্যক্তিকে শ্রদ্ধা জানিয়ে বানানো হয় এই ডুডল।

আজ গুগল তার ডুডলে লিখেছে, ‘অস্কারে অংশ নেয়া এবং কান উৎসবে সম্মানিত হওয়া প্রথম বাংলাদেশি পরিচালক তারেক মাসুদ দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাণে অনবদ্য ভূমিকা রেখেছিলেন।’

এদিকে গুগলকে ধন্যবাদ জানিয়ে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ বলেন, ‘এটি অত্যন্ত সম্মানের বিষয় যে, গুগল তারেক মাসুদকে শ্রদ্ধা জানাচ্ছে। তারেক মাসুদ ছিলেন দূরদর্শী, বাংলাদেশের অগ্রগামী নির্মাতাদের একজন এবং তরুণদের জন্য অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের জন্য চলচ্চিত্র নির্মাণ করলেও, তার কাজের মাধ্যমে বিশ্বব্যাপী সহনশীলতা, সমবেদনা এবং ন্যায়বিচার সার্বজনীন চিত্র প্রকাশিত হয়েছে।’

১৯৫৬ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের ফরিদপুর জেলার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন তারেক মাসুদ। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় অকালে মৃত্যু হয় তারেক মাসুদ, মিশুক মনিরসহ আরও তিনজনের।

১৯৯১ সালে ‘আদম সুরত’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন তারেক মাসুদ। বাংলা চলচ্চিত্রে নতুন ধারার সূচনা করেছিলেন তারেক মাসুদ। নির্মাণ করেছেন মুক্তির গান, মুক্তির কথা, মাটির ময়না, অন্তর্যাত্রা ও রানওয়ে, নরসুন্দরের মতো অসাধারণ কিছু সিনেমা।

জনপ্রিয় এই নির্মাতার অনবদ্য সৃষ্টি ‘মাটির ময়না’ প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে অস্কারে স্থান পেয়েছিল। মাটির ময়না ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে সমালোচক পুরস্কার জয় করে। বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিপ্রাপ্ত পায় চলচ্চিত্রটি।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button