
২০১৯ সালের আগস্টে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সাথে ডিভোর্স হয় সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতির। যদিও ডিভোর্সের খবর অদিতি গণমাধ্যমকে জানায় ২০২০ সালের মে মাসে। এবার অদিতি জানিয়েছে তিনি গত আটমাস আগে বিয়েও করেছেন।
নতুন স্বামীর পরিচয় জানতে চাইলে অদিতি বলেন, ‘আমার স্বামীর নাম মাহবুব পারভেজ। উনি সাবেক সেনা কর্মকর্তা। বর্তমানে করপোরেট সেক্টরে চাকরি করছেন। অপূর্বর সঙ্গে বিচ্ছেদের পর মাহবুবের সঙ্গে আমার পরিচয় হয়। তারপর পারিবারিকভাবে আমরা বিয়ে করি।’
আপনাদের সন্তান ‘আয়াশ’ কার কাছে থাকছে? উত্তরে অদিতি বলেন, ‘আয়াশ আমার কাছেই থাকছে। তবে ও মাঝে মধ্যে অপূর্বর সঙ্গে দেখা করতে যায়। অপূর্বর সঙ্গে ওর সম্পর্ক সত্যি অনেক ভালো। মাহবুবের সঙ্গে সম্পর্ক খারাপ না, পিতৃসুলভ আচরণই পায় আয়াশ। কারণ আয়াশের বয়সী একটি মেয়ে আছে মাহবুবের।’
এদিকে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও পারিবারিকভাবে আমেরিকা প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করছেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তিনি।
অভিনেতার বিয়ের খবরে অপূর্বর সাবেক স্ত্রী অদিতি নিজের ফেসবুকে লিখেছেন, ‘চার বছরের প্রেম সফল হলো, মাশাআল্লাহ… নতুন বিয়ের জন্য শুভকামনা।’এ স্ট্যাটাসে অভিনেতার পরকীয়ার ইঙ্গিত দিয়েছেন অদিতি। এমনটাই মনে করছেন অনেকে।
২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। ব্যক্তিগত কারণ দেখিয়ে ৯ বছরের সংসারের ইতি টানেন তারা। অপূর্ব-অদিতি দম্পতির একমাত্র সন্তান ‘আয়াশ’। করোনাকালে ২০২০ সালের ১৭ মার্চ বিচ্ছেদের কথা জানান অদিতি। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ খবর জানিয়েছিলেন তিনি।
বাংলাটিভি/ সাকিব



