
চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদন অবিলম্বে শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রুলে পরীমণির জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করে নিম্ন আদালতের আদেশ কেন বাতিল করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ঢাকার বনানী থানায় দায়ের করা মাদক মামলায় জামিন নিয়ে এই রুল জারি করেছেন বিজ্ঞ হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে পরীমণির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও অ্যাডভোকেট মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু এহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।
এর আগে ওই মাদক মামলার জামিন আবেদনের শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন নিম্ন আদালত। এ আদেশ চ্যালেঞ্জ করে বুধবার হাইকোর্টে আবেদন করেন পরীমিণি। ওই আবেদনে জামিনও চান পরীমণি। পরীমণির পক্ষে আবেদনটি দায়ের করেছেন আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান।
গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমণির জামিন আবেদন করেন আইনজীবী মজিবুর রহমান। জামিন বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
গত ২১ আগস্ট চিত্রনায়িকা পরীমণিকে তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে এ আদেশ দেন।
বাংলাটিভি/নিহান



