
বলিউডের অনেক তারকার সন্তানের মতো শাহরুখ খানের কন্যা সুহানাও এবার নাম লেখাতে যাচ্ছেন সিনেমার দুনিয়ায়।
বলিউড ‘বাদশা’র মেয়ে বাবার সৌজন্যে স্টারকিড হিসেবে এরইমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। সামাজিক মাধ্যমে নিয়মিত আপডেটের কারণেও অনেক ফ্যান-ফলোয়ারও তৈরি হয়েছে তার।
এর মধ্যে সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, ‘গল্লি বয়’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’খ্যাত নির্মাতা জোয়া আখতারের হাত ধরে বলিউডে অভিষেক হচ্ছে সুহানার। যেখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন শাহরুখ কন্যা। আর সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।
জানা গেছে, জোয়া আখতার বিখ্যাত কমিকস ‘আর্চি’র সিনেম্যাটিক ভার্সন নির্মাণ করতে যাচ্ছেন তরুণ তারকাদেরকে নিয়ে। যেখানে সুহানা ছাড়া আরও দুইজন তারকার সন্তানকে দেখা যাবে।
উল্লেখ্য, লন্ডনের আর্ডিংলি কলেজ থেকে স্নাতক শেষ করেছেন সুহানা। দুই বছর আগেই মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে প্রকাশ ঘটে তার। এছাড়া ইংরেজি ভাষার স্বল্পদৈর্ঘ্যে সিনেমা ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’তে অভিনয় করেও নজর কেড়েছেন তিনি।
এবার বলিউডে কীভাবে নিজের প্রতিভা তুলে ধরেন সুহানা সেটাই দেখার অপেক্ষায় সবাই।
বাংলাটিভি/নিহান



