
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জীবনী নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। এরইমধ্যে কাজ অনেকদূরই এগিয়েছে। তবে করোনার কারণে আপাতত সেটি বন্ধ। তথ্যগুলো দিয়েছেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব নিজেই। ২০ মার্চ ক্রিকেটভিত্তিক জনপ্রিয় অনলাইন পোর্টাল ক্রিকফ্রেনজির লাইভ শো তে এসে তথ্যগুলো জানান তিনি।
সাকিব আল হাসান বলেন, বায়েপিকের কাজ বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল। গল্পটিও প্রায় প্রস্তুত ছিল। তবে করোনার কারণে এখন সবকিছু ঝুলে আছে। সবকিছু ঠিকঠাক থাকলে এতদিনে সম্ভবত কাজ শুরু হয়ে যেত।
এদিকে, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানকে নিয়ে নির্মিতব্য বায়োপিকে কে অভিনয় করছেন, তা নিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা-কল্পনা। সাকিবের ভূমিকায় ইয়াশ রোহান ও জিয়াউল রোশানের ভোটই বেশি পড়েছে।
রোহানের সঙ্গে সাকিবের চেহারা ও কণ্ঠে বেশি মিল থাকায় ভোটের পাল্লাটা খানিক তার দিকে ঝুঁকে আছে। চেহারার মিল থাকায় শিশিরের জায়গায় প্রায় সবাই দেখতে চেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে।



