
বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন প্রক্রিয়া ডিজিটাল করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন, নাসিরের স্ত্রী তামিমা তাম্মির সাবেক স্বামী রাকিব হাসান। রাকিবের সঙ্গে ওই রিটটি করেছেন সোহাগ হোসেন ও কামরুল হাসান নামে দুই ব্যক্তি এবং এইড ফর ম্যান ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (০৪ মার্চ) দায়ের করা ওই রিটে বিবাদী করা হয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে। রিটের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী ইশরাত হাসান।
হাইকোর্টে দায়ের করা ওই রিটে আর্জি জানানো হয়েছে, বিয়ে-ডিভোর্স সংক্রান্ত বিষয়ে সম্মান রক্ষায় প্রতারণার হাত থেকে বাঁচিয়ে (বিয়ে-ডিভোর্সের ক্ষেত্রে) সম্মান রক্ষা এবং পারিবারিক জীবন বাঁচাতে বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন ডিজিটাল করতে কেন নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারির।
গত ২২ ফেব্রুয়ারি সংশ্লিষ্টদের নোটিশ পাঠানো হয় প্রতারণার হাত থেকে বাঁচাতে বিয়ে ও বিচ্ছেদ রেজিস্ট্রেশন ডিজিটালাইজেশন করার নির্দেশনা চেয়ে। অ্যাডভোকেট ইশরাত হাসান ওই নোটিশ পাঠান তামিমার আগের স্বামী রাকিব হাসানসহ তিন ব্যক্তি ও একটি সংগঠনের পক্ষ থেকে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নাসির হোসেন ও স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা করেন তাম্মির আগের স্বামী মো. রাকিব হাসান। মামলায় আগের বিয়ে গোপন রেখে নতুন বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যাভিচার ও মানহানির অভিযোগ আনা হয়।



