
চলতি বছরের সেপ্টেম্বরে বর্ণাঢ্য সংগীত ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন ফেরদৌস ওয়াহিদ। এবার জানালেন দিনক্ষণ। চলতি বছরের ৩১ ডিসেম্বরের পর আর নতুন কোনও গান গাইবেন না। এমনকি উঠবেন না কোনও মঞ্চেও।
আগামী ১০ ডিসেম্বর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পাওয়ার পরই এ ঘোষণা দেবেন তিনি। তার ছেলে হাবিব ওয়াহিদের সঙ্গে পরামর্শ করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ফেরদৌস ওয়াহিদ।
তিনি জানান, ১৯৮৬ সালে তার বাবার নামে জনকল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছিল। সেখান থেকে অসহায় মানুষের চিকিৎসার জন্য তারা সহায়তা করে থাকেন। যদি সেই ট্রাস্টের কল্যাণে কেউ কনসার্ট আয়োজন করে, তখন হয়তো দায়বদ্ধতা থেকে গাইবেন। নইলে আর কখনোই মঞ্চেও উঠবেন না তিনি।
ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘‘ভক্তদের জন্য আমার কৃতজ্ঞতার শেষ নেই। আজকের ফেরদৌস ওয়াহিদ হতে পেরেছি শুধু তাদের জন্য। তাই ভক্তদের নিরাশ করবো না। গান থেকে দূরে থাকলেও আগামীতে তারা আমার কয়েকটি নতুন গান শুনতে পারবেন। আমার ১৫টি বিখ্যাত গান নতুন করে তৈরি করছে হাবিব।
পরিকল্পনা আছে, প্রতি মাসে একটি করে এগুলো প্রকাশ করার। বিষয়টি এখন থেকে হাবিবই দেখবে। আর আমি তো আমাদের দেশের অবস্থা জানি। শিল্পীদের শেষ বয়সে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। আবার আমার নিজের রেঞ্জও আমার জানা। তাই মনে করি, এটাই বিদায় নেওয়ার ভালো সময়।’
এদিকে জানা যায়, বিগত কয়েক মাস নিজ এলাকা বিক্রমপুরেরই আছেন ফেরদৌস ওয়াহিদ। মন দিয়েছেন মাছ চাষ ও কৃষি কাজে। মূলত নিজেদের জন্য চাষ করে সময় কাটাচ্ছেন দেশের প্রথম সারির এই পপশিল্পী।



