
সংগীতশিল্পী সমরজিৎ রায় নিজের কথা-সুর-সংগীতায়োজনে নিজেই কণ্ঠে বেঁধেছেন ‘আমার মা’ নামের একটি বিশেষ গান। যার ভিডিওতে মডেল হিসেবে পেয়েছেন নিজেরই বাবা-মাকে।
সমরজিতের ভাষ্যে, ‘এতে মা ও বাবার চরিত্রে পেয়েছি নিজেরই মা-বাবাকে। তাই বিশেষ একটি গান হিসেবে এটি আজীবনের সঞ্চয় হয়ে থাকবে আমার কাছে।’
ভিডিওটির দৃশ্যধারণ করেছেন অদ্বিতীয় কাব্য ও প্রসেনজিৎ চৌধুরী। এর ভিডিওতে মডেল হিসেবে নিজের বাবা নেপাল চন্দ্র রায় এবং মা রত্না রায়কে পেয়ে ভীষণ খুশি সমরজিৎ। ১৫ অক্টোবর সমরজিৎ রায়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গান চিত্রটি।
সমরজিৎ বলেন, আমার কাছে আসলে মা-ই সবকিছু। তাই প্রতিমার চেয়েও নিজের জন্মদাত্রী মায়ের গুরুত্ব আমার জীবনে অনেক বেশি। অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের জন্য একটি গান রেকর্ড করার। অবশেষে সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে এই উৎসবে।



