
১৯৭৫ সালে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তার হত্যাকারীদের বাঁচাতে ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর জারি করা হয়েছিল কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ। এই কালো আইনের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করতে চেয়েছিল স্বাধীনতাবিরোধী অপশক্তি।
কুখ্যাত ইনডেমনিটির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ স্বরূপ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নির্মাণ করেছে মঞ্চ নাটক ‘ইনডেমনিটি’। শনিবার সাতটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয় নাটকটি।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, চিত্রনায়ক রিয়াজ, সাঈদ বাবু প্রমুখ। এটি রচনা ও পরিচালনা করেছেন মান্নান হীরা।
ইতিহাসের কালো অধ্যায়কে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করছে ওয়ান বাংলা। এই সংগঠনের প্রস্তাবনায় গত বছর নাটকটি রচনা করেন মান্নান হীরা। গত বছরের ২৬ সেপ্টেম্বর মঞ্চস্থও হয়েছিল নাটকটি।



