
করোনায় আক্রান্ত হলিউডের অভিনেতা ডয়েন জনসন। তাঁর পাশাপাশি ‘দ্য রক’ স্টারের গোটা পরিবারই পড়েছে কোভিড ১৯-এর কবলে। তাঁর স্ত্রী ও দুই কন্যারও রিপোর্ট পজিটিভ আসে। বুধবার ইনস্টাগ্রামে ১১ মিনিটের একটি ভিডিয়ো পোস্ট করে এই খবর জানিয়েছেন জনসন।
তিনি জানান, তিনি, তাঁর স্ত্রী লরেন হাশিয়ান ও দুই ছোট্ট কন্যার কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসে। এই খবর জানার পর তিনি শোকাহত হয়েছিলেন বলে জানিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, ‘এটাই ছিল আমার মুখোমুখি হওয়া এ পর্যন্ত সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়।’
ঘনিষ্ঠ এক আত্মীয়ের সংস্পর্শে এসে তাঁরা সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হন বলে জানিয়েছেন জনসন। তবে সেই আত্মীয় কী ভাবে আক্রান্ত হয়েছিলেন, তা তাঁদের কাছে স্পষ্ট নয়। ভাইরাসে আক্রান্ত হওয়ার পরবর্তী অভিজ্ঞতা তাঁকে আরও সচেতন করে দিয়েছে বলে মত ডয়েনের।
ভিডিয়ো বার্তায় করোনার মোকাবিলা করার জন্য একাধির পরামর্শ দিয়েছেন তিনি। মনে করিয়ে দিয়েছেন, মাস্ক পরা, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা ও সোশ্যাল ডিসট্যানসিং-এর কথা।



