
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে। তাই এদিনটিতেই ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে প্রসূন রহমান পরিচালিত রোহিঙ্গাদের নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘জন্মভূমি’।
বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘জন্মভূমি’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটে আরটিভিতে দেখানো হবে এটি।
তিন বছর আগে ৮ লাখ রোহিঙ্গা এ দেশে আশ্রয় নেয়। ধারণা করা হয়, তাদের মাঝে প্রায় ৬৫ হাজার নারী অন্তঃসত্ত্বা ছিল। যাদের অনেকেই এরইমধ্যে মা হয়েছেন। মা হতে যাচ্ছেন বাকিরাও। ‘জন্মভূমি’ চলচ্চিত্রের প্রেক্ষাপট এটিই।
নির্মাতা প্রসূন রহমান জানান, ‘জন্মভূমি’র গল্পের মূল কেন্দ্রে আছেন সোফিয়া নামের একজন অন্তঃসত্ত্বা নারী, যে তার সন্তানকে এই শরণার্থী শিবিরে জন্ম দিতে চান না। সোফিয়া চান যেকোনও উপায়ে নিজের জন্মভূমিতে ফিরে যেতে, নিজের জন্মভূমিতে নিজের সন্তানকে জন্ম দিতে। শরণার্থী শিবিরের এই জনাকীর্ণ আশ্রয়ে নিজের সন্তানকে বড় করে তোলার মাঝে সে আনন্দের কোনও ভাবনা খুঁজে পায় না।
চলচ্চিত্রে সোফিয়া চরিত্রে অভিনয় করেছেন নবাগতা সায়রা আক্তার জাহান এবং মানিক চরিত্রে রওনক হাসান। তাদের সঙ্গে রয়েছেন সঙ্গীতা চৌধুরী, জয়নাল জ্যাক, নাসির উদ্দিন, অংকন চাকমা এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জার্মান অভিনেত্রী পামেলা কেচটার।



