
শরীরে প্রচণ্ড জ্বর আর বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। বিষয়টি নিশ্চিত করেছেন ফেরদৌস ওয়াহিদের ব্যক্তিগত সহকারী।
জানা যায়, প্রায় ১০ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি কিন্তু বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিএমএইচে ভর্তি করা হয় যদিও করোনাভাইরাস সন্দেহে টেস্ট করালে, ফলাফল নেগেটিভ আসে।
৬৭ বছর বয়সী এ সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন। ফেরদৌস ওয়াহিদের সংগীত ক্যারিয়ার টানা পাঁচ দশকের। বলা যায় বাংলাদেশ সৃষ্টির সঙ্গে শিল্পী হিসেবে গানের ক্যারিয়ার শুরু করেন ফেরদৌস ওয়াহিদ।
আরও স্পষ্ট করলে দেশে যে ক’জন শিল্পী পপ ঘরানার গান প্রতিষ্ঠা ও জনপ্রিয় করার পেছনে আজীবন ব্যয় করেছেন, তাদের মধ্যে অন্যতম তিনি।



