
৫ মাস পর নতুন রূপে দেখা মিললো নগর বাউল খ্যাত দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমসের। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নতুন লুকের ছবি প্রকাশ করে এক প্রকার চমকেই দিলেন ভক্তদের।
করোনাকালের এই পাঁচ মাসে নেই কোনো নতুন গান, নেই কনসার্ট। নেই কোনো ব্যস্ততা। ঘরে বসেই সময় কেটেছে এই তারকার। বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুকে প্রকাশ করেছেন নতুন লুকের একটি ছবি।
শ্মশ্রুমণ্ডিত সাদা-কালো এই ছবিটি প্রকাশের ১ ঘণ্টার মধ্যেই ১০ হাজারেরও বেশি লাইক পড়েছে। ছবিটি শেয়ার হয়েছে ১৬ শ’য়েরও বেশি। আর সেখানে কমেন্ট পড়েছে সাড়ে সাতশরও বেশি! ছবিটির নিচে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন জেমস।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রকাশ হয় জেমসের গাওয়া শেষ গান ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’। ‘সত্তা’ ছবির এই গানটির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জয় করেছেন। অন্যদিকে তার প্রকাশিত শেষ অ্যালবাম ছিল ‘কাল যমুনা’। সেটি প্রকাশ পেয়েছিল ১২ বছর আগে।



