
চীনের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেলো দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি ‘মায়ার জঞ্জাল’। এই উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশি নির্মাতা জসিম আহমেদের প্রযোজনায় নির্মিত ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র মায়ার জঞ্জাল চলচ্চিত্রের প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ঢাকার অপি করিম আর কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তী। আগামী ২৫শে জুলাই সাংহাই উৎসবের উদ্বোধনী আয়োজনে প্রথমবারের মতো প্রদর্শিত হবে ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’।
তবে করোনার কারণে ‘মায়ার জঞ্জাল’-এর প্রযোজক-পরিচালক ও অভিনয়শিল্পীদের সাংহাইতে আমন্ত্রণ জানাতে পারছেন না আয়োজকরা। তবে উৎসব চলাকালীন ছবিটির প্রচারণা চালাবেন তারা।
যদিও এবারের আসরে কোনও আন্তর্জাতিক জুরিকে আমন্ত্রণ জানানো যায়নি। তাই এবার সংক্ষিপ্ত তালিকায় থাকা ছবিগুলোই এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড অফিসিয়াল সিলেকশন হিসেবে ঘোষণা করা হয়েছে।



