
‘সংগঠনের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগে চিত্রনায়ক ও প্রযোজক জায়েদ খানকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে চলচ্চিত্রের শীর্ষ সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। আগামী ৭ কার্য দিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়ে সোমবার জায়েদকে এ নোটিস পাঠানো হয়।
প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম জানান, চলচ্চিত্র নির্মাণে শৃঙ্খলা ফেরাতে ও নির্মাণ ব্যয় কমিয়ে আনতে গত বছরের অক্টোবরে সব সংগঠনের সমন্বয়ে একটি নীতিমালা প্রণয়ন করা হয়। এটি বাস্তবায়ন হলে চলচ্চিত্র নির্মাণে ন্যূনতম ১৫ লাখ টাকা ব্যয় কমে আসবে।”
“সেই সিদ্ধান্ত না মানতে শিল্পীদের ক্ষুদেবার্তা পাঠাচ্ছেন জায়েদ খান। প্রযোজক সমিতির সদস্য হয়েও তার এমন কর্মকাণ্ড প্রযোজক সমিতির স্বার্থের পরিপন্থী।” ‘সংগঠনের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়’ সমিতির সংঘবিধি মোতাবেক গত ৭ মার্চ কার্যনির্বাহী পরিষদের ৭ম সভায় তাকে কারণ দর্শানো নোটিস পাঠানোর সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে।



