
সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে আগামী ১৫ই জুলাই, রাজশাহীতে। মেয়ে সজ্ঞা (২৬) ও ছেলে সপ্তক (২৪) অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। তারা দেশে ফেরার পর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় বরেণ্য কন্ঠশিল্পী এন্ড্রু কিশোর রাজশাহীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। মৃত্যুর আগে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়েছিলো।
দুলাভাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস জানান, বুধবার এন্ড্রু কিশোরের ছেলে অস্ট্রেলিয়া থেকে ফিরবেন। আগামী ১৪ জুলাই অস্ট্রেলিয়া থেকে রাজশাহীতে ফিরবেন তার কন্যা। এরপর ১৫ই জুলাই সকালে ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হবে।
পরে শ্রদ্ধা জানাতে রাখা হবে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে (অনুমতি সাপেক্ষে)। এরপর এন্ড্রু কিশোরের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হবে বাবা-মায়ের কবরস্থানেই।



