Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবিনোদন

ফোকফেস্টের রেজিস্ট্রেশন ৬ নভেম্বর থেকে শুরু

ফোকফেস্টের রেজিস্ট্রেশন শুরু হবে ৬ নভেম্বর থেকে । তিন দিনব্যাপী লোক গানের এই উৎসবের পর্দা উঠবে ১৫ নভেম্বর।

প্রতিবারের মতো এবারেও রাজধানীর আর্মি স্টেডিয়ামেই বসবে দেশ-বিদেশের লোক গানের শিল্পীদের মিলন মেলা।

সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন আয়োজকরা।

ফোক ফেস্টের চতুর্থ এ আসরেও দর্শকরা বিনামূল্যে লোকজ গান উপভোগ করতে পারবেন। সেজন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন চলবে মঙ্গলবার (৬ নভেম্বর) থেকে আগামী শনিবার (১০ নভেম্বর) পর্যন্ত। এই লিংকে ক্লিক করলেই- ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট-২০১৮’  রেজিস্ট্রেশন করা যাবে।

প্রতিদিন সকাল ১১ থেকে শুরু হবে রেজিস্ট্রেশনের কার্যক্রম।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, রেজিস্ট্রেশনের জন্য এবার বাড়তি যোগ হয়েছে আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি। ছবি না থাকলে রেজিস্ট্রেশন করা যাবে না। এছাড়াও পূর্বের নিয়মগুলো বহাল থাকবে। যেমন জাতীয় পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্টের স্ক্যান কপি প্রয়োজন হবে।

রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ই-মেইলে পৌঁছে যাবে তিনদিনের তিনটি ভিন্ন ভিন্ন এন্ট্রি পাস। উৎসবস্থলের প্রবেশ পথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাসটি দেখিয়ে প্রবেশ করতে হবে। এই পাস ছাড়া কোনোভাবেই কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।

‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৮’– এ বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশ থেকে শিল্পীরা অংশ নেবেন। গান করবেন মোট ১৭৪ জন সংগীতশিল্পী।

এদের মধ্যে বাংলাদেশের শিল্পীরা হলেন মমতাজ বেগম, বাউল আব্দুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জো।

ভারত থেকে আসবেন ওয়াদালি ব্রার্দাস, রাঘুদিক্সিত, সাত্যকি ব্যানার্জি, পাকিস্তান থেকে শাফকাত আমানাত আলী, বাহরাইন থেকে মাজায, যুক্তরাষ্ট্র থেকে গ্র্যামি বিজয়ী লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ড থেকে দিকান্দা এবং স্পেনের লাস মিগাস সংগীত পরিবেশন করবেন।

উৎসবে প্রবেশের জন্য প্রতিদিন সন্ধ্যা ৬টায় গেট খোলা হবে, চলবে রাত ১২টা পর্যন্ত।

২০১৫ সাল থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে। এই ধারাবাহিকতায় চতুর্থবারের মতো সান ফাউন্ডেশন ‘আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৮’ আয়োজন করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশন ও সান কমিউনিকেশনসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, ঢাকা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন এবং সংসদ সদস্য ও লোকসংগীত শিল্পী মমতাজ বেগম।

আসাদ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button