
জনপ্রিয় চিত্রনায়িকা আইরিন সুলতানা নতুন পরিচয়ে এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন। অভিনয়ের পাশাপাশি আবৃত্তিতেও যে এ সুদর্শনী সিদ্ধহস্ত, দর্শক-শ্রোতা এবার সেটিই প্রমাণ পাবেন। আবৃত্তির জন্য আইরিন বেছে নিয়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের কবিতা ‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত’।
আবৃত্তিকার আইরিন এ কবিতার ভিডিও প্রকাশের মধ্য দিয়ে নিজের ইউটিউব চ্যানেল চালু করতে যাচ্ছেন। আইরিন জানান, তার নতুন চ্যানেলটি ঈদুল আজহায় উন্মুক্ত করা হবে।‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত’ কবিতার ভিডিও পরিচালনা করেছেন ইভান মনোয়ার। এছাড়াও চ্যানেলটির জন্য তিনি আরও কিছু ছোট ছোট ভিডিও নির্মাণ করবেন।
তিনি আরো বলেন, তাৎক্ষণিক সিদ্ধান্তে কাজটি করলাম। রোববার সারাদিন আবৃত্তির শুটিং করেছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র, বিজয় সরণি ও পান্থপথের কফি বাজে। লকডাউনের এই সময়গুলোতে মনে হয়েছে, আমার নিজের একটি ইউটিউব চ্যানেল করা উচিত। সেই ভাবনা থেকে কাজটি করা।
তসলিমা নাসরিনের কবিতা বেছে নেয়ার বিষয়ে আইরিন বলেন, ‘ওনার এই কবিতাটা আমার খুব ভালো লাগে। তাই আবৃত্তির পাশাপাশি ভিজ্যুয়াল করার চিন্তা করলাম।’



