
‘দহন’ নামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েও পরে আর সিনেমাটা করা হয়নি তার। এরমধ্যে কয়েকটি নাটকে কাজ করেছেন বটে। আবার হুট করে হারিয়ে গেলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন! এমন অ্যাক্টিভিটিতে ইন্ডাস্ট্রিতে উঠেছে নানা গুঞ্জণ।
অনেকে বলছেন, নতুন কোনো কাজের পূর্ব প্রস্তুতি নিচ্ছেন বাঁধন। আবার কারো কারো মতে, জনপ্রিয়তা থাকতেই মিডিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি।
তবে সাবেক এই লাক্স তারকা জানালেন, নিজেকে ভালো রাখতে, আমার সন্তানকে ভালো রাখতেই নিজেকে পরিবর্তন করার বিষয়টি অনুভব করে বিরতি নিয়েছি মাত্র। কাজে তো অবশ্যই ফিরব। তিনি আরও বলেন, ভালো গল্পের নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপন—যেকোনো কাজই হতে পারে। কারণ, এখন আমি চ্যালেঞ্জিং এবং মনে রাখার মতো কিছু কাজ করতে চাই।
তবে, মিডিয়ায় বাঁধন অনুপস্থিত থাকলেও তার বর্তমান সময়সূচি ব্যস্ততায় ভরা। একমাত্র মেয়ে সায়রাকে স্কুলে নিয়ে যাওয়ার পাশাপাশি প্রায় প্রতিদিনই রাজধানীর একটি ফিটনেস সেন্টারে যাচ্ছেন।
শারীরিকভাবে সুস্থ এবং সুন্দর করে নিজেকে গড়ে তোলার জন্যই তার এ কর্মযজ্ঞ। এছাড়া একটি সংগঠনের ব্যানারে সামাজিক সচেতনতামূলক কাজেও দেখা যায় তাকে।



