
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিথিলা সম্প্রতি নতুন জীবন শুরু করেছেন। পরদিনই সৃজিত-মিথিলা উড়াল দিয়েছেন সুইজারল্যান্ডে। উদ্দেশ্য একঢিলে দুই পাখি শিকার! হানিমুনের পাশাপাশি জেনেভা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তি হবেন মিথিলা।
১০ ডিসেম্বর মিথিলা জেনেভা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করেছেন, জানিয়ে বিশ্ববিদ্যালয়ে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন।
তিনি লিখেছেন, ‘আমার জীবনের আরেকটি নতুন যাত্রা শুরু হলো। এই মাত্র জেনেভা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করলাম। আগে কখনো এতোটা নার্ভাস ছিলাম না! আমার সব বন্ধু আর পরিবারের সবার দোয়া ও আশীর্বাদ চাই, যাতে সফলভাবে এই কাজ শেষ করতে পারি।’
এদিকে সৃজিত জানিয়েছেন, জেনেভায় কাজ শেষ হলেই হানিমুনে তারা উড়াল দিবেন গ্রিসে। সেখানে দিন কয়েক অবসর সময় কাটিয়ে কলকাতায় ফিরে যাবেন সৃজিত। এরপরই প্রক্রিয়াধীন একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়ার কথা রয়েছে তার।
এর আগে ৬ ডিসেম্বর কলকাতায় ঘরোয়া পরিবেশে বিয়ে করেন এই জুটি।



