
দেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চু। লিড ভোকাল হিসেবে গান গাওয়ার পাশাপাশি, এলআরবি ব্যান্ডের হয়ে গিটার হাতেও ছিলেন অসাধারণ। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী-রূপালী গিটার ফেলে চলে যাওয়ার এক বছর। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের সবচেয়ে জনপ্রিয় এই তারকার প্রথম মৃত্যুবার্ষিকীতে বাংলা টিভি পরিবারের শ্রদ্ধা।
দেশের তরুণদের রক গানের স্বাদ দিয়েছেন যারা, তাদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তী এই শিল্পী দীর্ঘ চার দশক ধরে, সুরের মূর্চ্ছনা ছড়িয়ে গেছেন। এ ছাড়া গিটারের ছয় তারেও জয় করেছেন উপমহাদেশ।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্ম নেয়া আইয়ুব বাচ্চু ছোটবেলা থেকেই গিটারের প্রেমে পড়েছিলেন। তবে ব্যান্ডের সঙ্গে তার যাত্রা শুরু ১৯৭৮ সালে ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে। তার কণ্ঠ দেয়া প্রথম গান ‘হারানো বিকেলের গল্প’।
১৯৮০ থেকে ১৯৯০ সালে তিনি ‘সোলস’ ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন। ১৯৮৬ সালে প্রকাশ হয় আইয়ুব বাচ্চুর প্রথম অ্যালবাম ‘রক্তগোলাপ’। তবে তার সফলতার শুরু মূলত ১৯৮৮ সালে প্রকাশিত তার দ্বিতীয় একক অ্যালবাম ‘ময়না’ দিয়ে। এরপর ১৯৯১ সালে গঠন করেন ‘এলআরবি’ ব্যান্ড। এই ব্যান্ডের সঙ্গে তার প্রথম ব্যান্ড অ্যালবাম ‘এলআরবি’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। এটি বাংলাদেশের প্রথম দ্বৈত অ্যালবাম।
শুধু অডিও গানে নয়, প্লেব্যাকেও দারুণ জনপ্রিয়তা পান আইয়ুব বাচ্চু। তার গাওয়া প্রথম প্লেব্যাক ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় গান।
আইয়ুব বাচ্চু একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে দেশে-বিদেশে সমাদৃত ছিলেন। মঞ্চ পারফরম্যান্সেও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। বাচ্চুর গাওয়া অনেক গান আজও দর্শক-শ্রোতাদের মুখে মুখে ফেরে। এসব গান তাঁকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। এর মধ্যে ‘সেই তুমি’ গানটি বাংলা সঙ্গীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় গান।
মঞ্চে এবি মানেই কানায় কানায় পূর্ণ গ্যালারি। প্রথমে নিশ্চুপ, এরপর মৃদু দুলুনি; তারপর উন্মাতাল হৈ-হুল্লোড়। সঙ্গে সঙ্গে গানের গলা মেলানো। ঠিক একই চিত্র দেখা গিয়েছিল আইয়ুব বাচ্চুর শেষ কনসার্টেও।
গানের কথাগুলোকেই সত্যি করে ঠিক তার দু’দিন পর ২০১৮ সালের ১৮ অক্টোবর অংসখ্য ভক্ত-অনুরাগীকে কাঁদিয়ে, প্রিয় রূপালী গিটার ফেলে চিরতরে চলে যান বাংলা ব্যান্ডসঙ্গীতের এই তারকা। আইয়ুব বাচ্চুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে, জন্মস্থান চট্টগ্রামে স্থাপন করা হয়েছে রূপালী গিটারের প্রতিকৃতি।
আসাদ রিয়েল / বাংলা টিভি



