
সৌরভ নূর : বাংলাদেশে কয়েকটি জনপ্রিয় ব্যান্ডতারকা ও ব্যান্ডদলের নাম বললেই যাদের নাম সামনে আসে তাদের মধ্যে নগর বাউল অন্যতম। আর এই নগর বাউলের অন্যতম সদস্য মাহফুজ আনামের জন্মদিন আজ। যদিও অগণিত ভক্তের অধিকাংশই তাকে এ নামে চেনেন না। কিন্তু জেমসের কথা বললে, শুধু দেশেই নয়, বিশ্বের অগণিত ভক্তের হৃদয়ে জায়গা নিয়ে আছে নামটি।
২ অক্টোবর উপমহাদেশের বিখ্যাত এই রকস্টারের জন্মদিন। তবে, না ফেরার দেশে পাড়ি জমানো আরেক রকস্টার আইয়ুব বাচ্চু’র প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের জন্মদিনে কোনো আয়োজন রাখেননি জেমস।
১৯৬৪ সালের এই দিনে নওগাঁয় জন্মগ্রহণ করেন তিনি। চট্টগ্রামেই তার বেড়ে ওঠা। ১৯৮০ সালে প্রথম প্রতিষ্ঠা করেন ‘ফিলিংস’ নামের একটি ব্যান্ড। ১৯৮৭ সালে তার প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশ পায়। ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামের অ্যালবাম রিলিজ করে স্টার বনে যান জেমস। এর সবগুলোতেই জেমস নিজেই ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকালিস্ট ছিলেন।
এর পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। চলচ্চিত্রে প্লেব্যাক করেও পেয়েছেন সফলতা। ‘দেশা দ্য লিডার’ ছবির জন্য গান করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ১৯৯০ সালে ‘জেল থেকে বলছি’, ১৯৯৬ সালে ‘নগর বাউল’, ১৯৯৮ সালে ‘লেইস ফিতা লেইস’, ১৯৯৯ সালে ‘কালেকশন অব ফিলিংস’ অ্যালবামগুলো ফিলিংস ব্যান্ড থেকে প্রকাশ হওয়ার পর মন জয় করে নেয় কোটি শ্রোতার মন।
এ ছাড়াও জেমসের অন্যান্য অ্যালবাম হলো নগর বাউল থেকে ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলি’। একক অ্যালবাম ‘অনন্যা’, ‘পালাবি কোথায়?’, ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘ঠিক আছে বন্ধু’, ‘আমি তোমাদেরই লোক’, ‘জনতা এক্সপ্রেস’, ‘তুফান’, ‘কাল যমুনা’ তাকে এনে দিয়েছে তারকা খ্যাতি।
এই গুণী শিল্পীর জন্ম হয়েছিলো বলেই আমরা উপহার হিসেবে পয়েছি অসংখ্য হৃদয় ছোঁয়া গান। এরমধ্যে মা ও বাবা শিরোনামে দুটি গান গেয়ে হয়েছেন বিশেষ সমাদৃত। জেমসের জনপ্রিয়তা শুধু দেশে নয়, বাংলা গানের পাশাপাশি হিন্দি গানে কণ্ঠ দিয়েও জয় করেছেন লক্ষ ভক্ত-শ্রোতার হৃদয়।



