তুমুল বৃষ্টির মধ্যে বজ্রপাত, বাবার সামনেই প্রাণ গেল ছেলের

বাংলা টিভি ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমিতে রোপা আমন ধানের চারা লাগানোর সময় বজ্রপাতে গোলাপ হোসেন (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার বাবা মোকলেছুর রহমান (৪৮) গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) সকালে উপজেলার কাজিহাল ইউনিয়নের ভাটপাইল (নয়াপাড়া নন্দি) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ জমিতে রোপা আমনের চারা রোপণের কাজ করছিলেন মোকলেছুর রহমান ও তার বড় ছেলে গোলাপ হোসেন। সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পর বজ্রপাত হলে তারা দুজনই আহত হন।
বজ্রাঘাতে ঘটনাস্থলেই গোলাপ হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার বাবা মোকলেছুর রহমানকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি বিধি অনুযায়ী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।



