শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদলের ৩০০ নেতা-কর্মী বহিষ্কার

বাংলা টিভি ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারা দেশে জাতীয়তাবাদী যুবদলের প্রায় ৩০০ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
বুধবার (৮ জুলাই) রাজধানীর পল্টনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ তথ্য জানান।
আবদুল মোনায়েম মুন্না বলেন, জাতীয়তাবাদী যুবদল একটি সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন। বেআইনি, অনৈতিক কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে দল কোনোভাবেই প্রশ্রয় দেয় না। তিনি জানান, সংগঠনের নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় প্রায় ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যুবদলের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে সংগঠন কঠোর অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ তুলে যুবদল সভাপতি বলেন, ওই সময় সংগঠনের ৮২টি সাংগঠনিক ইউনিটের নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশ নেন। তার দাবি, আন্দোলনে যুবদলের ৭৮ জন নেতা-কর্মী নিহত হন, শতাধিক স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন এবং হাজার হাজার নেতা-কর্মী আহত হন।



