চট্টগ্রামে পাহাড়ধসে মাটিচাপায় কিশোরীর মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার চশমা পাহাড় এলাকায় পাহাড়ধসে মাটিচাপা পড়ে সুমাইয়া (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুপুর সোয়া ১টার দিকে ধ্বংসস্তূপের নিচ থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন-৪-এর উপসহকারী পরিচালক শাহ ইমরান জানান, দুপুর ১২টা ৪৮ মিনিটে পাহাড়ধসের সংবাদ পেয়ে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় সুমাইয়ার বাবা-মা ঘরের ভেতর থেকে দ্রুত বের হতে সক্ষম হলেও পাশের কক্ষে থাকা সুমাইয়া বের হওয়ার সুযোগ পায়নি। পাহাড়ের মাটি ঘরের ওপর ধসে পড়লে সে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হলেও অনেকেই এখনো সেখানে অবস্থান করছেন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় না থাকার জন্য আবারও সতর্ক করেছে প্রশাসন।



