এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ২

বাংলা টিভি ডেস্ক: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা শাখাওয়াত ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জের সিংগাইর থানার পূর্ব ভাকুম গ্রামের মৃত সুলতান ফকিরের ছেলে মো. নুরুল ইসলাম (৫২) এবং সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার আব্দুল জলিলের ছেলে মো. সজিব (৩২)।
পুলিশের তথ্য অনুযায়ী, নুরুল ইসলাম জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। অপরদিকে সজিব যুবলীগের একজন কর্মী হিসেবে পরিচিত।
মামলার তদন্ত কর্মকর্তা শাখাওয়াত ইমতিয়াজ জানান, এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।



