এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক

বাংলা টিভি ডেস্ক: সাভারে এনসিপির জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে নিজের ফেসবুক পোস্টে ইশরাক হোসেন বলেন, এ ধরনের হামলা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত উদ্বেগজনক এবং এটি রাজনীতির ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তার ভাষ্য, সহিংস রাজনৈতিক কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এবং এর দীর্ঘমেয়াদি প্রভাব দেশ ও জাতির জন্য বিপজ্জনক হতে পারে।
তিনি আরও মন্তব্য করেন, এমন ঘটনা কোনোভাবেই স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হতে পারে না। তার দাবি, যারা অতীতে ফ্যাসিবাদী শাসন, সহিংসতা ও জনগণের সমর্থনের পরিবর্তে বিদেশি শক্তির ওপর নির্ভরশীল রাজনীতি করেছে, তারাই এ ধরনের ঘটনার মাধ্যমে লাভবান হতে পারে।
ইশরাক হোসেন আরও বলেন, ওই অপশক্তির অবশিষ্ট অংশ এবং তাদের সহযোগীদের দ্রুত নিষ্ক্রিয় করা দেশের নিরাপত্তার স্বার্থে জরুরি। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।



