শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা

বাংলা টিভি ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার ভাষ্য, দেশে ফিরে তিনি প্রচলিত আইন অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে পারবেন।
সোমবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনার দেশে ফিরে আসার ক্ষেত্রে আইনি কোনো প্রতিবন্ধকতা নেই। তিনি চাইলে প্রচলিত ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে পারেন। তার ক্ষেত্রেও দেশের প্রচলিত আইনি প্রক্রিয়াই অনুসরণ করা হবে।
বিরোধী দলের সম্ভাব্য ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের প্রচলন রয়েছে। বাংলাদেশেও এমন উদ্যোগ নেওয়া হলে তা ইতিবাচক হিসেবেই দেখা উচিত।
তিনি আরও বলেন, ছায়া মন্ত্রিসভা গঠনের মাধ্যমে যদি বিরোধী দল বিভিন্ন মন্ত্রণালয়ভিত্তিক বিকল্প পরিকল্পনা উপস্থাপন করতে পারে এবং সরকারের কার্যক্রমের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দেয়, তাহলে তা দেশের গণতন্ত্র ও সুশাসনের জন্য উপকারী হবে।



