Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সদর উপজেলার তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নোবেল মিয়াকে (২০) ঢাকার দারুস সালাম এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে গতকাল ৫ জুলাই ২০২৬ সন্ধ্যায় র‌্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) এবং র‌্যাব-৪, সিপিসি-১ (মিরপুর-১, ঢাকা)-এর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত নোবেল মিয়া গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের রহিম মিয়ার ছেলে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা-মা জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকায় সে গ্রামের বাড়িতে দাদা-দাদীর সঙ্গে বসবাস করত। একই গ্রামের বাসিন্দা নোবেল তার নানার বাড়িতে থাকত। নোবেলের ১২ বছর বয়সী বোনের সঙ্গে খেলাধুলার সুবাদে ভুক্তভোগী প্রায়ই তাদের বাড়িতে আসতেন।

গত ৮ জুন ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে খেলাধুলা শেষে বাড়ি ফেরার পথে নোবেল এবং তার সহযোগী তারেক (১৯) শিশুটিকে জোরপূর্বক একটি নির্মাণাধীন বাড়ির ছাদে নিয়ে যায়। সেখানে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর শিশুটি অসুস্থ অবস্থায় কোনোভাবে বাড়িতে ফিরে আসে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর মা হাছিনা খাতুন গত ১৬ জুন গাইবান্ধা সদর থানায় একটি ধর্ষণ মামলা (মামলা নং-৩৭) দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

মামলার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দারুস সালাম থানাধীন মীরবাড়ী আদি জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে নোবেল মিয়াকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, একই সঙ্গে মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button