ভিক্ষা করে নির্বাচনী তহবিলে দিয়েছিলেন ৭০ টাকা, বদলে পেলেন নতুন ঘর

বাংলা টিভি ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভিক্ষা করে জমানো ৭০ টাকা স্বতন্ত্র প্রার্থী মো. সালমান ওমর রুবেলের নির্বাচনী তহবিলে দিয়েছিলেন ৭১ বছর বয়সী রিনা স্নাল। নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে সেই বৃদ্ধার জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন সংসদ সদস্য।বাংলা টিভি ডেস্ক: শনিবার (৪ জুলাই) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের নামছাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে রিনা স্নালের হাতে নতুন ঘরটি তুলে দেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ভারতের মেঘালয় সীমান্তসংলগ্ন নামছাপাড়া গ্রামের বাসিন্দা রিনা স্নালের স্বামী কেন্দ্র তজু কয়েক বছর আগে মারা যান। জীবিত অবস্থায় তিনি বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রি করে সংসার চালাতেন। স্বামীর মৃত্যুর পর কিছুদিন দিনমজুরি করলেও বয়সের ভার ও শারীরিক অসুস্থতার কারণে পরে ভিক্ষাবৃত্তিকেই জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে বেছে নেন রিনা।
তার একমাত্র ছেলে শান্ত স্নাল বিয়ের পর আলাদা হয়ে যান এবং বর্তমানে সিরাজগঞ্জে দিনমজুর হিসেবে কাজ করছেন। দীর্ঘদিন ধরে রিনা স্নাল একটি জরাজীর্ণ ঘরে একাই বসবাস করছিলেন।
স্থানীয়দের ভাষ্য, বৃদ্ধার দেখাশোনার মতো তেমন কেউ নেই। ভিক্ষা করে কোনোভাবে দিন কাটলেও নতুন ঘর পাওয়ায় এখন তিনি নিরাপদে বসবাস করতে পারবেন।
সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল বলেন, নির্বাচনের সময় রিনা স্নাল ভিক্ষা করে জমানো ৭০ টাকা তার নির্বাচনী তহবিলে দিয়েছিলেন। সেই আন্তরিকতা ও বিশ্বাসের প্রতিদান দিতেই নিজের প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে তার জন্য একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত রিনা স্নাল বলেন, জীবনের এই বয়সে নতুন ঘরে থাকার সুযোগ পাবেন, তা কখনো ভাবেননি। যারা তার জন্য এই ঘর নির্মাণ করেছেন, তাদের সবার জন্য তিনি দোয়া করেছেন।



