Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ুর একটি বিশেষ আটক কেন্দ্র থেকে ৫০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে পশ্চিমবঙ্গে স্থানান্তর করা হয়েছে। তাদের কঠোর নিরাপত্তার মধ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী ধাপে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের গ্রহণ করে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।

শনিবার পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে প্রকাশিত টাইমস অব ইন্ডিয়া–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ফেরত পাঠানোর তালিকায় থাকা ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন। তারা তামিলনাড়ুর সালেম জেলার আত্তুর তালুক কার্যালয় চত্বরে অবস্থিত বিশেষ আটক কেন্দ্রে ছিলেন।

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর গত ৩ জুলাই তিনটি পুলিশ ভ্যানে করে তাদের কড়া নিরাপত্তার মধ্যে তিরুচিরাপল্লীতে নেওয়া হয়। এরপর হাওড়া এক্সপ্রেসের একটি সংরক্ষিত বগিতে তাদের পশ্চিমবঙ্গের উদ্দেশে পাঠানো হয়।

যাত্রাপথে সালেম আর্মড পুলিশের কর্মকর্তা শক্তিভেলের নেতৃত্বে ৪০ সদস্যের একটি সশস্ত্র পুলিশ দল তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

ভারতীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, তামিলনাড়ু পুলিশ পশ্চিমবঙ্গের হরিদাসপুর (পেট্রাপোল) স্থলবন্দরে বাংলাদেশি নাগরিকদের বিএসএফের কাছে হস্তান্তর করবে। এরপর বিএসএফ বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে।

ভারতে অবৈধভাবে প্রবেশ বা অবস্থানের অভিযোগে আটক বিদেশি নাগরিকদের রাখার জন্য আত্তুরের এই বিশেষ আটক কেন্দ্রটি পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে সেখানে আরও ১৩০ জনের বেশি বিদেশি নাগরিক রয়েছেন, যাদের বিরুদ্ধে চলমান মামলা বিচারাধীন রয়েছে অথবা তারা জামিনে মুক্ত অবস্থায় আছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button