Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে অবহেলা কিংবা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের শুধু বদলি নয়, সরাসরি চাকরিচ্যুত করা হবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তার মতে, শুধু বদলির মাধ্যমে সমস্যার সমাধান হয় না; বরং যারা দায়িত্বে অবহেলা করবেন বা ঘুষ-দুর্নীতির সঙ্গে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে চাকরিচ্যুতিসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।

স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনার কথা তুলে ধরে সাখাওয়াত হোসেন বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সেবার মানও উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, চলতি বছর থেকেই স্বাস্থ্যখাতে বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে চায় সরকার। এ লক্ষ্যে নতুন নতুন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা উন্নত করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রী এবারের জাতীয় বাজেটকে একটি আদর্শভিত্তিক বাজেট হিসেবে উল্লেখ করে বলেন, এর প্রতিটি উদ্যোগ স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশে বাস্তবায়নের চেষ্টা করা হবে।

নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button