Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

কেপ ভার্দের বিপক্ষে খেলা দেখে জার্সি পুড়িয়ে দলত্যাগ আর্জেন্টিনা সমর্থকের

বাংলা টিভি ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে নিজের প্রিয় দলের জার্সি পুড়িয়ে দল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ভোলার এক আর্জেন্টিনা সমর্থক।

শনিবার (৪ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই সমর্থকের নাম নিরব। তিনি শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাকসুদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচ চলাকালে দলের খেলায় অসন্তোষ প্রকাশ করে নিরব প্রকাশ্যে নিজের পরিহিত আর্জেন্টিনা জার্সিতে আগুন দেন। পরে তিনি আর আর্জেন্টিনার সমর্থক না থাকার ঘোষণা দিয়ে অন্য একটি দলের প্রতি সমর্থন জানান।

ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। কেউ এটিকে আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টিকে হাস্যরসের দৃষ্টিতেও দেখছেন।

নিরব বলেন, ভোরে ঘুম থেকে উঠে খেলা দেখছিলেন তিনি। ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্সে হতাশ হয়ে ক্ষোভে নিজের জার্সি পুড়িয়ে ফেলেন এবং দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

এদিকে একই এলাকার আরেক আর্জেন্টিনা সমর্থক মো. নুরে আলম বলেন, ফুটবল একটি খেলা; এটিকে উপভোগ করাই মূল বিষয়। তার মতে, আবেগে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি এবং প্রকৃত সমর্থকের আচরণ এটি নয়।

এ ঘটনায় নিরবের সিদ্ধান্ত স্থায়ী নাকি সাময়িক আবেগ—তা নিয়ে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চলছে আলোচনা ও সমালোচনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button