জুলাই নিয়ে কটাক্ষ: শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় জিডি

বাংলা টিভি ডেস্ক: জুলাই আন্দোলনকে অবমাননা এবং এ নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠনের প্রতিনিধিরা এ অভিযোগ জমা দেন।
শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই স্বপন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, অভিযোগপত্রে দাবি করা হয়েছে যে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন এবং এর শহীদদের আত্মত্যাগ নিয়ে অবমাননাকর মন্তব্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়েছেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু অভিযুক্তরা আন্দোলনকে ঘিরে বিভিন্ন বিভ্রান্তিকর ও অসম্মানজনক বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছেন।
এ ছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, শান্তা ফারজানা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং এর সত্যতা যাচাই করতে তদন্ত শুরু হবে। তদন্তে অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



