Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

ইমাম খামেনির রাষ্ট্রীয় জানাজায় স্পিকারের শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম তেহরানে আয়োজিত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন।

তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় অনুষ্ঠিত এ শোকানুষ্ঠানে তিনি প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান এবং শোকবার্তা পৌঁছে দেন। পরে স্পিকার সেখানে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

স্পিকার সাম্প্রতিক ইরান–মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি সমঝোতা বাস্তবায়নে গালিবাফের ভূমিকার প্রশংসা করে বলেন, এ উদ্যোগ অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সহায়ক হবে। তিনি সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সব ধরনের বিরোধের শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন এবং এ প্রক্রিয়ায় বাংলাদেশের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সফরের অংশ হিসেবে স্পিকার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গেও বৈঠক করেন। এ সময় ইরানের ক্রীড়ামন্ত্রী দেশটিতে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন এবং ক্রীড়া খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক সইয়ের আগ্রহ প্রকাশ করেন। জবাবে স্পিকার বিষয়টি বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

এ ছাড়া স্পিকার ইরান রেডিওর বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে বাংলাদেশ-ইরান সম্পর্ক, আঞ্চলিক বিভিন্ন ইস্যু এবং ইরানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবা আরও উন্নত করার প্রয়োজনীয়তার বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button