খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার তেহরানে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে তাদের খামেনির মরদেহের কফিনে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়। এ সময় প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে একটি উচ্চপর্যায়ের পাকিস্তানি প্রতিনিধিদলও উপস্থিত ছিল।
শ্রদ্ধা নিবেদন শেষে শাহবাজ শরিফ বলেন, ইসলাম ও ইরানের জন্য আয়াতুল্লাহ খামেনির অবদান চিরস্মরণীয়। তিনি অসাধারণ প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বের মাধ্যমে দীর্ঘ সময় ধরে ইরানি জাতিকে পথ দেখিয়েছেন বলেও মন্তব্য করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি প্রয়াত নেতার আত্মার মাগফিরাত ও মর্যাদা কামনা করেন।
এদিকে সিনেট চেয়ারম্যান সৈয়দ ইউসুফ রাজা গিলানি এবং জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিকের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদলও শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নেয়। প্রতিনিধিদলে বিভিন্ন সংসদ সদস্য এবং সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহও ছিলেন।
শেষকৃত্যে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তুরস্ক সফরের উদ্দেশে তেহরান থেকে ইস্তাম্বুলের পথে রওনা হন।
অন্যদিকে ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সাক্ষাৎ করে প্রয়াত খামেনির প্রতি শ্রদ্ধা জানান এবং শোক প্রকাশ করেন।
এর আগে শুক্রবার সকালে শাহবাজ শরিফ ও আসিম মুনির তেহরানে পৌঁছালে মেহরাবাদ বিমানবন্দরে তাদের স্বাগত জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি। এ সময় দুই দেশের জ্যেষ্ঠ কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এক দিনের এই সফরের মাধ্যমে শোকের মুহূর্তে ইরানের জনগণের প্রতি পাকিস্তানের সংহতি ও সমর্থনের বার্তা পুনর্ব্যক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহসহ আরও কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতা।



