Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

এমপির হস্তক্ষেপে হাটুভাঙ্গা সেতুর মোটরসাইকেল টোল প্রত্যাহার

টাঙ্গাইল প্রতিনিধি (ডিজিটাল): টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই হাটুভাঙ্গা সেতুতে মোটরসাইকেলের টোল আদায় প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব।

জানা গেছে, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর হস্তক্ষেপে সেতুর ইজারাদার মাসুদুর রহমান মোটরসাইকেলের টোল আদায় বন্ধের সিদ্ধান্ত নেন। চলতি মাসের ১ জুলাই থেকে নতুন অর্থবছরের টোল কার্যক্রম শুরু হলে সরকারি নির্ধারিত শিডিউল অনুযায়ী মোটরসাইকেল প্রতি ৫ টাকা করে টোল আদায় করা হচ্ছিল। এ নিয়ে সেতু ব্যবহারকারীদের মধ্যে অসস্তোষ দেখা দেয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের নজরে এলে তিনি উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনা করেন। পরে ইজারাদার মোটরসাইকেলের টোল আদায় প্রত্যাহার করেন।

হাটুভাঙ্গা সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠান মাসুদ এন্টারপ্রাইজের স্বত্তাধিকার ইজারাদার মাসুদুর রহমান বলেন, স্থানীয় মানুষ ও সেতু ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে মোটরসাইকেলের টোল আদায় বন্ধ করা হয়েছে। প্রতিদিন এ খাত থেকে প্রায় ৫ হাজার টাকা, মাসে প্রায় দেড় লাখ টাকা এবং ইজারার পুরো মেয়াদে আনুমানিক ৫৪ লাখ টাকা রাজস্ব পাওয়ার সম্ভাবনা ছিল। আর্থিক ক্ষতি হলেও জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব বলেন, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর হস্তক্ষেপে ইজারাদারের সঙ্গে আলোচনা করে হাটুভাঙ্গা সেতুতে মোটরসাইকেলের টোল আদায় বন্ধ করা হয়েছে।

টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমেরী খান বলেন, এই সেতুতে যেন আর টোল আদায়ের ইজারা প্রক্রিয়া না করা হয় সেজন্য কর্তৃপক্ষের কাছে আমরা মতামত দিয়েছিলাম। স্থানীয় সংসদ সদস্যও নির্বাচনের পরপরই এটি বন্ধের জন্য ডিও লেটার দিয়েছেন।

টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, সেতুর টোল বন্ধ করতে একটি আইন বাতিল করতে হবে। আগামী অধিবেশনে আমি বিষয়টি সংসদে উত্থাপন করবো। যদিও নতুন করে যেন ইজারা না হয় সেজন্য নির্বাচিত হওয়ার পরপরই আমি সড়ক ও জনপদ বিভাগে ডিও লেটারও দিয়েছি।

উল্লেখ্য, চলতি বছরের ১ জুলাই থেকে আগামী তিন বছরের জন্য ৮ কোটি ৯২ লাখ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে মাসুদ এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠান হাটুভাঙ্গা সেতুর ইজারা পান।

সংশ্লিষ্ট খবর

Back to top button