Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

অফিসে বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় ১৭ বছরের চাকরি হারালেন পিয়ন

আন্তর্জাতিক ডেস্ক: অফিস থেকে অবশিষ্ট চা-পাতা ও বিস্কুট বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগে চাকরিচ্যুত হওয়া এক পিয়নকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন ভারতের ঝাড়খণ্ড হাইকোর্ট। আদালত মন্তব্য করেছেন, ১৭ বছরের নিষ্ঠাবান চাকরিজীবনের পর এমন সামান্য ঘটনার জন্য চাকরি থেকে বরখাস্ত করা ন্যায়বিচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ভারতের ঝাড়খণ্ডে সম্প্রতি আলোচিত এই মামলায় বোকারো জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থায় (ডিআরডিএ) চুক্তিভিত্তিক কর্মরত পিয়ন রঞ্জিত কুমার হিমাংশুর বরখাস্তের আদেশ বাতিল করে তাকে পুনরায় চাকরিতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত।

প্রধান বিচারপতি এম এস সোনাক ও বিচারপতি রাজেশ শঙ্করের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ রায়ে বলেন, কোনো কর্মীর শাস্তি নির্ধারণে অপরাধের গুরুত্ব বিবেচনা করা জরুরি। সামান্য ভুলের কারণে সরকারের উল্লেখযোগ্য ক্ষতি না হলে সর্বোচ্চ শাস্তি দেওয়া যৌক্তিক নয়।

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের মার্চে বোকারোর তৎকালীন ডেপুটি ডেভেলপমেন্ট কমিশনার অফিস থেকে কিছু সামগ্রী নিখোঁজ হওয়ার অভিযোগে রঞ্জিত হিমাংশুকে কারণ দর্শানোর নোটিশ দেন। তবে নোটিশে কোন কোন জিনিস হারিয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

শুনানিতে রঞ্জিতের আইনজীবী আদালতকে জানান, তার মক্কেল অফিসে ব্যবহারের পর অবশিষ্ট থাকা সামান্য চা-পাতা ও বিস্কুট বাড়িতে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছিলেন। নোটিশ পাওয়ার পর তিনি সেগুলো অফিসে ফেরতও দেন। এরপরও ২০২২ সালের ২ মে তার চুক্তিভিত্তিক চাকরি বাতিল করা হয়।

রায়ে আদালত উল্লেখ করেন, প্রশাসন বরখাস্তের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার আগে কর্মীর দীর্ঘদিনের সেবার রেকর্ড ও অভিযোগের প্রকৃতি যথাযথভাবে বিবেচনা করেনি।

আদালত আগামী ১০ জুলাইয়ের মধ্যে রঞ্জিত কুমার হিমাংশুকে তার পূর্বের পদে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আগামী ৩০ জুলাইয়ের মধ্যে তার বকেয়া বেতনের ৫০ শতাংশ পরিশোধ করতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

সংশ্লিষ্ট খবর

Back to top button