Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

এক লাখের বেশি শিক্ষক নিয়োগের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: দেশে এক লাখেরও বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক এবং বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক ও প্রভাষক নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্র্যান্ট অ্যান্ড মাল্টিপ্লায়ার গ্র্যান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে আপিল বিভাগ ইতিবাচক রায় দিয়েছে। আদালত সরকারের আপিল গ্রহণ করায় এখন এই নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও জানান, এর পাশাপাশি প্রায় ৭০ হাজার এমপিওভুক্ত শিক্ষক ও প্রভাষক নিয়োগের পরিকল্পনাও রয়েছে, যা শিক্ষা খাতে বড় ধরনের অগ্রগতি আনবে বলে তিনি মনে করেন।

এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে তিনি জানান, সকালেই দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। তবে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের কথা থাকলেও তা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষামন্ত্রী উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়ার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, প্রায় ৫ লাখ ৪৪ হাজার শিক্ষার্থী ভর্তি হলেও তাদের বড় একটি অংশ এইচএসসি পরীক্ষায় অংশ নেয় না। সাধারণ শিক্ষায় ঝরে পড়ার হার প্রায় ৩৩ শতাংশ, কারিগরি শিক্ষায় ৫৪ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষায় ৪৪ শতাংশ—যা উদ্বেগজনক।

তিনি আরও বলেন, শিক্ষা খাতে বরাদ্দের অর্থের অপচয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতের প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও অকার্যকারিতার উদাহরণ টেনে তিনি বলেন, এসব বিষয়ে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকার শিক্ষা ব্যবস্থায় সহায়ক ভূমিকা পালন করবে; মূল পরিচালনা করবে শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের দায়িত্ব হবে তাদের কার্যক্রমে সহায়তা দেওয়া।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button