অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে পরিবেশ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার বাশগাড়ি ইউনিয়নের কানুরগাঁও এলাকায় ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রমের কারণে বসতভিটা, কৃষিজমি ও স্থানীয় পরিবেশ হুমকির মুখে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, কানুরগাঁও এলাকার বাসিন্দা কাসেম সিকদার ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছেন। তাদের দাবি, এ কার্যক্রমের ফলে নদী ও খালের তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বেড়েছে এবং অনেক পরিবার ক্ষতির আশঙ্কায় দিন কাটাচ্ছে।
তারা আরও অভিযোগ করেন, কিছু প্রভাবশালী ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্থানীয়দের একাংশ সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধে কার্যকর উদ্যোগ নিন। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, কাসেম সিকদার একসময় বাশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেনের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তবে এ বিষয়ে সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘কাসেম সিকদার এখন আমার সঙ্গে নেই। অবৈধ বালু উত্তোলনের বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
অন্যদিকে, কাসেম সিকদার তার বিরুদ্ধে ওঠা অবৈধ ড্রেজার পরিচালনার অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীন বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকল অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে এবং ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জানমাল ও সম্পদ রক্ষায় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।



