ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা টিভি ডেস্ক: ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের জনপ্রিয় আমের জাত আম্রপালি ও হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব আম ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য মোট ১২০টি কার্টনে ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। প্রতিটি কার্টনে ৫ কেজি করে আম রয়েছে। উপহারের সব আমই আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের।
আখাউড়া কাস্টমস ও বন্দর সূত্র জানায়, দুপুরে একটি পিকআপ ভ্যানে করে আমগুলো স্থলবন্দরে আনা হয়। পরে প্রয়োজনীয় কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে সেগুলো সীমান্ত পেরিয়ে ভারতের আগরতলায় পাঠানো হয়।
সংশ্লিষ্টরা আরও জানান, আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের মাধ্যমে এই উপহারের আমগুলো ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে।



