প্রবাসীর স্ত্রীর ঘরে ‘আপত্তিকর অবস্থায়’ ধরা প্রধান শিক্ষক

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় এক প্রধান শিক্ষককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে মারধরের ঘটনা ঘটে এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (৩০ জুন) রাত ৯টার দিকে উপজেলার বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মো. মুক্তল হোসেন (৫০), তিনি মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঊজানীজোড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী (৩০) একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ওই সূত্রেই তার সঙ্গে প্রধান শিক্ষক মুক্তল হোসেনের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয় বলে দাবি স্থানীয়দের। অভিযোগ রয়েছে, তিনি প্রায়ই রাতে ওই নারীর বাড়িতে যাতায়াত করতেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা নজরদারি শুরু করেন।
মঙ্গলবার রাতে তিনি ওই নারীর ঘরে প্রবেশ করলে স্থানীয়রা ঘরটি ঘেরাও করে এবং পালানোর সময় তাকে আটক করে। পরে তাকে মারধর করা হয় বলে জানা গেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগে একটি পক্ষ তাকে ‘চিকিৎসার জন্য’ ঘটনাস্থল থেকে সরিয়ে নেয় বলে জানা গেছে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পুলিশ তাকে খুঁজে পায়নি।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় এক ব্যক্তিকে আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। পরে জানা যায়, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে সেখানে গিয়েও পাওয়া যায়নি।
এদিকে অভিযুক্ত শিক্ষক মুক্তল হোসেনের বিষয়ে প্রবাসী স্বামী দাবি করেছেন, তিনি পারিবারিক একটি কারণে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা সৃষ্টি হয়েছে।



