Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

বগুড়ায় পথকুকুরকে কুপিয়ে জখমের অভিযোগে গ্রেপ্তার ১

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের কানছগাড়ি এলাকায় একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে প্রাণিপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কানছগাড়ি এলাকায় এক পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে প্রাণীটি মারাত্মকভাবে আহত হয়ে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বগুড়ার আহ্বায়ক এমরান হোসেনকে খবর দেন। পরে তিনি আহত কুকুরটিকে উদ্ধার করে একটি বেসরকারি পশু চিকিৎসালয়ে ভর্তি করেন।

চিকিৎসকদের মতে, কুকুরটির পিঠে লেজের কাছাকাছি গভীর ক্ষত হয়েছে। সেখানে অস্ত্রোপচার করে চারটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে প্রাণীটি চিকিৎসাধীন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

এ ঘটনায় এমরান হোসেন বাদী হয়ে স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী স্বপনকে একমাত্র আসামি করে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে সোমবার মধ্যরাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বপনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বর্মিজ চাকু উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

মামলার বাদী এমরান হোসেন বলেন, নিরীহ প্রাণীর ওপর এমন নৃশংস আচরণের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রায়হান জানান, আহত কুকুরটির প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে আহত করা এবং অবৈধভাবে বর্মিজ চাকু রাখার অভিযোগে তার বিরুদ্ধে পৃথক দুটি ধারায় মামলা হয়েছে।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রাণিপ্রেমী ও সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button