চিরকুটে লেখা ‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’, আতঙ্কে পরিবার

বাংলা টিভি ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে একটি বাড়ির সিঁড়ির নিচ থেকে বোমা সদৃশ একটি বস্তু এবং হুমকিমূলক একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে উপজেলার কসবা গ্রামের মোল্লাপাড়া এলাকায় মৃত আকছেদ আলীর ছেলে রজব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, ‘দেয়াল দিচ্ছি রাস্তার পাশ দিয়ে, পানি নামতে না দিলে বোম মেড়ে মেরে ফেলব। দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন।’
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে রজব আলী ও তার পরিবারের সদস্যরা বাড়ির সিঁড়ির নিচে লাল স্কচটেপে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু এবং পাশে একটি চিরকুট দেখতে পান। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি গাংনী থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বস্তুটি ও চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া বস্তুটি আসলেই বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী বলেন, বোমা সদৃশ একটি বস্তু ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এগুলো সেখানে রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বস্তুটি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



