আবারও ভারতে ভাঙা হলো মসজিদ ও মাজার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটের কুচ জেলায় আগাম কোনো নোটিশ ছাড়াই তিনটি মসজিদ, কয়েকটি মাজারসহ মোট ৩০টি স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ জানিয়েছে জমিয়ত উলামা-ই-হিন্দ।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান গ্যাজেট-এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩০ জুন) পরিচালিত এ অভিযানে ৩০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ১১টি ধর্মীয় স্থাপনা, ১৭টি বাণিজ্যিক ভবন এবং দুটি আবাসিক স্থাপনা। একই ঘটনায় প্রকাশিত টিআরটি ওয়ার্ল্ডের একটি ভিডিওতেও মসজিদ ভাঙার দৃশ্য দেখা গেছে।
ঘটনার পর জমিয়ত উলামা-ই-হিন্দের একটি প্রতিনিধি দল কুচ জেলা পরিদর্শন করে। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা মাওলানা হাকিমুদ্দিন কাশমী অভিযোগ করেন, প্রশাসন কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই মসজিদগুলো ভেঙে ফেলেছে। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মধ্যে ঐতিহাসিক জুনা কান্দলা মসজিদও রয়েছে। মসজিদের খাদেমের দাবি, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সেখানে অভিযান চালিয়ে পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের আটক করার হুমকিও দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
স্থানীয়দের মতে, ১৯৬৫ সাল থেকেই জুনা কান্দলা মসজিদটি ওয়াকফ সম্পত্তি হিসেবে নিবন্ধিত ছিল। এর ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর কারণে এটি এলাকাবাসীর কাছে সুপরিচিত একটি ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত ছিল।
মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ সামার জানান, উচ্ছেদের সময় তারা প্রশাসনের সঙ্গে আলোচনা করতে এবং মসজিদের কাছে যেতে চাইলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের সেখানে যেতে দেয়নি। পাশাপাশি ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, আদিপুর এলাকার আরও একটি মসজিদও একই অভিযানে ভেঙে ফেলা হয়েছে। এ বিষয়ে এক সরকারি কর্মকর্তা জানান, উচ্ছেদ অভিযানে মোট ৩০টি স্থাপনা অপসারণ করা হয়েছে। এর মধ্যে ১১টি ধর্মীয়, ১৭টি বাণিজ্যিক এবং দুটি আবাসিক স্থাপনা ছিল।



