একই স্থানে বিএনপি ও জামায়াতের সমাবেশ, পলাশবাড়ীতে ১৪৪ ধারা জারি

গাইবান্ধা প্রতিনিধি (ডিজিটাল): গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় এই জরুরি সিদ্ধান্ত জারি করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
এদিন দুপুরে পলাশবাড়ী উপজেলা বিএনপি ও জামায়াতের একইস্থলে কর্মসূচিকে ঘিরে এই সিদ্ধান্ত জারি করে উপজেলা প্রশাসন।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, দুটি রাজনৈতিক দলের একই স্থানে সমাবেশকে ঘিরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অন্যথায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা চরম অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছিল।
উক্ত ধারামতে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, কোন ধরনের অস্ত্র, লাঠি বা আগ্নেয়াস্ত্র বহন, স্লোগান বা মিছিল, শব্দবর্ধক যন্ত্র নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে বলেও জানান তিনি।



