যে কারণে বিএনপি নেতা আসলাম চৌধুরীর এমপি প্রার্থিতা বাতিল হলো

বাংলা টিভি ডেস্ক: ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালতের এই রায়ের ফলে তিনি আর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।
মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।
রায়ের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, চট্টগ্রাম-৪ আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে ভোটাররা আবারও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে পারেন।
অন্যদিকে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আপিল বিভাগের রায়ের মাধ্যমে ঋণখেলাপির কারণে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হয়েছে এবং তিনি নির্বাচিত হয়েও সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।
এর আগে হাইকোর্টের একটি রায়ের ভিত্তিতে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল, যা পরে আপিলে চ্যালেঞ্জ করা হয়। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিজয়ী হন, তবে আদালতের স্থগিতাদেশের কারণে ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
পরবর্তীতে নির্বাচন কমিশনে দাখিল করা আপিল খারিজ হয় এবং হাইকোর্টও রিট আবেদন বাতিল করে। বিষয়টি পরে আপিল বিভাগে গেলে আদালত ফলাফল প্রকাশ স্থগিত রাখেন এবং পুনরায় শুনানির নির্দেশ দেন।
চূড়ান্ত রায়ে আদালত তাকে ঋণখেলাপির কারণে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের অযোগ্য ঘোষণা করেন।
উল্লেখ্য, আসলাম চৌধুরীর বিরুদ্ধে প্রায় ১,৭০০ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।



