Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি, ভেঙে দিল প্রশাসন

বাংলা টিভি ডেস্ক: বরিশালের আগৈলঝাড়ায় নির্মাণকাজে চরম অনিয়মের অভিযোগে একটি ব্রিজ আংশিক ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযোগ রয়েছে, ব্রিজ নির্মাণে নকশা অনুযায়ী রড ব্যবহারের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক এবং উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তীর উপস্থিতিতে এ ভাঙার কাজ পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রত্নপুর ইউনিয়নের দুশমী–করিমবাজার খালের ওপর বারপাইকা গ্রামের রুহুল হোসেনের বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের অর্থায়নে ৪৫ ফুট দীর্ঘ ও সাড়ে ৫ ফুট প্রস্থের একটি আয়রন ব্রিজ নির্মাণ করা হয়।

তবে নির্মাণকাজে একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি অনুযায়ী, নকশায় যেখানে ৫ ইঞ্চি পুরু ঢালাই থাকার কথা, সেখানে তা করা হয় প্রায় সাড়ে ৩ ইঞ্চি। এছাড়া নির্ধারিত মানদণ্ড অনুযায়ী নির্দিষ্ট দূরত্বে রড বসানোর কথা থাকলেও সেখানে অনিয়ম করে বেশি ফাঁকে রড ব্যবহার করা হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, ঢালাইয়ের সময় পর্যাপ্ত সিমেন্ট ব্যবহার না করায় তারা নিজেরাই অতিরিক্ত পাঁচ বস্তা সিমেন্ট সংগ্রহ করে দেন। পরবর্তীতে ১৩ এপ্রিল ব্রিজের উত্তর অংশে ঢালাইয়ের সময় সেখানে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠে আসে।

বিষয়টি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে এবং ব্রিজটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবারের অভিযানে ব্রিজের অংশবিশেষ ভাঙার সময় উত্তর পাশে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের প্রমাণ পাওয়া যায় বলে জানান সংশ্লিষ্টরা। তবে শুরুতে পুরো ব্রিজ অপসারণের কথা থাকলেও শেষ পর্যন্ত আংশিকভাবে ভাঙা হয়।

এ সময় উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, “ভাঙার পর ব্রিজের অংশে রডের সঙ্গে বাঁশ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। যারা এ ধরনের অনিয়ম করেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংশ্লিষ্ট খবর

Back to top button